শিরোনাম

অপূর্বর কাছে গান শিখছেন মেহজাবীন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২১ ৫:৫২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

হারমোনিয়াম নিয়ে বেশ গম্ভীরভাবে গলা সাধছেন অপূর্ব। তার পাশে বসে তবলায় মনোযোগী মেহজাবীন। এটি ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘মধু সিং’র দৃশ্য। এর গল্প ভাবনা অপূর্বর। আর রচনা ও পরিচালনা করেছেন মহিদুল মহিম। নাটকে গুরু শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবীন চৌধুরী।

নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘মূলত এটি কমেডি ঘরানার গল্পের একটি নাটক। এতে দু’জন সংগীতপ্রেমী মানুষের নির্ভেজাল কমেডির গল্প তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে এটা সত্যি গানের প্রতি প্রবল শ্রদ্ধা ভালোবাসা রেখেই, গান শেখাকে কেন্দ্র করে এ নাটকের গল্প এগিয়েছে। নির্মাতাকে আমার গল্প-ভাবনা বলে দেওয়ার পর চমৎকারভাবেই তিনি নাটকটি লিখেছেন। আমি এবং মেহজাবীন চেষ্টা করেছি গল্পানুযায়ী চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। দেখা যাক, প্রচারের পর কেমন সাড়া মেলে।’

মেহজাবীন বলেন, ‘নাটকটির সংলাপ আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সেই সঙ্গে অপূর্ব ভাইয়ার গল্প ভাবনাটাও আমার কাছে দারুণ লেগেছে। একটু ভিন্ন ধরনের চরিত্রে আমাদের দু’জনকে দেখতে পাবেন দর্শক।’

নির্মাতা মহিদুল মহিম জানান, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ‘মধু সিং’ নাটকটি প্রচার হবে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে।