শিরোনাম
বাংলাদেশে চলছে ‘দিন-দ্য ডে’খ্যাত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের নতুন সিনেমার কাজ। এ কারণে জমজমসহ আরও চারজন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশে অবস্থান করছেন। ঘুরে বেড়াচ্ছেন ঢাকার বিভিন্ন স্থান।
সবশেষ জানা গেল, তাদের নতুন সিনেমায় কাজ করছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে আছেন রিকিতা নন্দিনী শিমু। অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় এই সিনেমার নাম ‘ফেরেশতে’।
এদিকে, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সিনেমার নাম ‘সিএনজি’ হিসেবে অনুমতি নেওয়া হয়েছে। এতে অতাশ জমজমের সঙ্গে কাজ করছেন বৈরাম ফজলি, মোখতারি, মোবারেখ, আতিয়া পিরালি ও কাভস।
খোঁজ নিয়ে জানা যায়, নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও তার টিম এর মধ্যেই রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকায় গেছেন।
চলতি সপ্তাহে শুটিং চলছে সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায়। সেখানেই পাওয়ো গেল জয়া আহসান ও শিমুকে।
দুজনই বস্তিতে বসবাসকারীর পোশাকে রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি মেয়ে বাচ্চাও রয়েছে।
তবে বিষয়টি নিয়ে জয়ার কাছে জানতে চাইলে, তিনি এ বিষয়ে খুব শিগগিরই কথা বললেন বলে জানান।