শিরোনাম

নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করুন ॥ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২০ ৮:৩৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
  • ডিজিএফআই কর্মকর্তাদের বাসস্থান উদ্বোধন

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সততা, নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের প্রতি কর্তব্য পালনের জন্য ডিজিএফআই কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডিজিএফআইর কর্মকর্তা এবং অন্যান্য পদবির সদস্যদের জন্য নবনির্মিত বাসস্থানের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই কথা বলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। খবর বিডিনিউজের।

ডিজিএফআই কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, সততা, নিষ্ঠার সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের প্রতি, মানুষের প্রতি কর্তব্য পালন করবেন সেটাই আমাদের কামনা, আপনারা সেটাই করবেন। ইতিহাসটা জানতে হবে, দেশকে জানতে হবে, দেশকে ভালবাসতে হবে, দেশের জন্য কাজ করতে হবে, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সাধারণ মানুষের জন্য কাজ করতে হবে।

শেখ হাসিনা বলেন, জঙ্গীবাদ, সন্ত্রাস বা দুর্নীতি, মাদক এর হাত থেকে আমাদের সমাজকে রক্ষা করতে হবে, সমাজকে এখান থেকে আমাদের বাঁচাতে হবে। তাহলেই আমাদের এই যুব সমাজের মেধা আমরা কাজে লাগাতে পারব। দেশের মানুষের শক্তিটাকে আমরা উন্নয়নের জন্য কাজে লাগাতে পারব।

সেভাবেই আমাদের দেশকে গড়তে হবে। কাজেই এসব দিকে আমাদের প্রত্যেকেরই কিন্তু স্ব স্ব কর্মস্থলে দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে হবে।

স্বাধীনতার পর জাতির পিতা একদিকে যেমন যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছেন অপরদিকে সশস্ত্র বাহিনীকেও যথাযথভাবে গড়ে তুলেছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, জাতির পিতার দেয়া প্রতিরক্ষা নীতিমালা মেনেই আওয়ামী লীগ সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

দেশকে এগিয়ে নিতে শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আমাদের প্রচেষ্টা হচ্ছে আমরা চাই জাতির পিতার যে আকাক্সক্ষা ছিল যে, এই দেশ হবে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত দেশ, উন্নত, সমৃদ্ধ দেশ; এদেশের প্রতিটি মানুষ পেট ভরে খাবে, হেসে-খেলে বাঁচবে। সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমাদেরও লক্ষ্য। আমরা সেটাই করতে চাই। তাই দেশের শান্তি বজায় রাখা একান্তভাবে দরকার।

এ সময় গণভবন প্রান্তে প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোঃ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম উপস্থিত ছিলেন।