শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুজ।

শুক্রবার (২২ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে তার আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি এই সংকট সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সহায়তার পরিমাণ বাড়ানোর ওপর জোর দিয়েছেন।

এ সময় অ্যান্ড্রুজ রাখাইনকে স্থিতিশীল এবং শরণার্থীদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির বিষয়ে একটি মানবিক চ্যানেল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মহাসচিবের প্রতিশ্রুতিবদ্ধ উদ্যোগ বিদ্বেষপূর্ণ প্রচারণার শিকার হওয়ায় হতাশা প্রকাশ করেন।

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বারোপের জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে অ্যান্ড্রুজ বলেন, রোহিঙ্গাদের আতিথেয়তা ও সমর্থন দেওয়ার জন্য বিশ্ব বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ এবং স্থায়ী সমাধানের আশা বাঁচিয়ে রাখার জন্য আপনার প্রতিও কৃতজ্ঞ।

অ্যান্ড্রুজ স্মরণ করিয়ে দেন যে, প্রধান উপদেষ্টার উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্ক জাতিসংঘ সদরদপ্তরে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘ সদরদপ্তরে আয়োজিত রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন এই সংকটের একটি কার্যকর সমাধানে সহায়ক হবে।

তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় স্বাস্থ্য ও শিক্ষাসহ মৌলিক সেবাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে তিনি জাতিসংঘের বিশেষ প্রতিবেদককে পর্যাপ্ত অর্থায়ন নিশ্চিত করতে তার প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, রোহিঙ্গা ইস্যুতে ২৫ আগস্ট কক্সবাজারে অনুষ্ঠিতব্য অংশীজন সংলাপে যোগ দিতে বাংলাদেশ সফরে এসেছেন টম অ্যান্ড্রুজ।