শিরোনাম

মুশফিককে জরিমানা করল বিসিবি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২০ ১:২৭ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

১৬ ডিসেম্বর: চলমান বঙ্গবন্ধু টি-২০ কাপে সোমবার বেক্সিমকো ঢাকা ও ফরচুন বরিশালের মাঝে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণবিধি ভঙ্গের দায়ে মুশফিকুর রহিমকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিসিবির এক বিবৃতিতে বলা হয়, ম্যাচ চলাকালীন সতীর্থ নাসুম আহমেদের সঙ্গে অশোভন আচরণের দায়ে মুশফিককে এ শাস্তি দেয়া হয়। যা বিসিবির আচরণবিধির লেভেল-১ অমান্য করেছিল। ম্যাচ ফি জরিমানার পাশাপাশি ঢাকার অধিনায়কের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

অপ্রত্যাশিত এ আচরণের জন্য মুশফিকুর রহিম ইতোমধ্যে ক্ষমা চেয়েছেন।

টুর্নামেন্টে মুশফিকুর রহিম যদি চারটি বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান তাহলে তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হবে।

লেভেল ১ অমান্য করার জন্য সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয় এবং দুটি পর্যন্ত ডিমেরিট পয়েন্ট দেয়া হয়। মুশফিক তার ভুল স্বীকার করায় এবং সাজা মেনে নেয়ায় এ বিষয়ে পরবর্তীতে আর শুনানির প্রয়োজন পড়েনি।

মাঠে থাকা দুই আম্পায়ার গাজী সোহেল ও মাহফুজুর রহমান, থার্ড আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও ফোর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান স্বপন মুশফিকের বিরুদ্ধে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি এএসএম রকিবুল হাসান তাকে এ শাস্তি দেন।

সূত্র: ইউএনবি