শিরোনাম
বরিশালের বাবুগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী লামিয়া (১৮) ঢাকায় আত্মহত্যা করেছেন। প্রেমঘটিত কারনে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
বাবুগঞ্জের দেহেরগতি ইউনিয়নের ৮ ওয়ার্ড এর উত্তর বাহেরচর গ্রামের মোঃ আলী হায়দার আকন এর বড়ো সন্তান লামিয়া গত ৩১ আগস্ট রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় আত্মহত্যা করেন। অসুস্থ ও শয্যাশায়ী বাবার সন্তান লামিয়া পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে পরিবার সামলাতেন।
স্বজনদের দাবি, একই বাড়ির মোঃ আলো আকনের ছেলে সুমন আকনের সাথে লামিয়ার দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক থাকলেও সুমন সরকারি চাকরি পাওয়ার পর থেকে লামিয়াকে বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে সম্প্রতি সুমনের মা-বোন লামিয়াকে মারধরও করেন।
ঘটনার বেশ কয়েকদিন আগে থেকে লামিয়াকে ফোনে কান্নাকাটি করতে দেখেন তার সহকর্মীরা । ঘটনার দিনও ভিডিও কলে কথা বলার পর তিনি আত্মহত্যা করেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
অভিযুক্ত সুমনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া মেলেনি। মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (জিডি) হয়েছে। পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।