শিরোনাম

ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬ ১:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইবি এই খবর নিশ্চিত করেছে।

রোববার (১ মার্চ) থেকে দেশজুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান, একইসঙ্গে সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আইআরআইবি আজ সকালে জানায়, “ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন।”

তাসনিম নিউজ এজেন্সি জানায়, “ইরানের জনগণকে জানানো হচ্ছে যে, ২৮ ফেব্রুয়ারি শনিবার সকালে আমেরিকা ও জায়নিস্ট শাসনের যৌথ হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন।”

এর আগে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি নাকচ করেছিল তেহরান। তবে পরে কয়েক ঘণ্টার মধ্যে সরকারি সংবাদমাধ্যম খামেনির মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে। স্থানীয় সময় শনিবার ভোরে তাকে হত্যা করা হয়েছে বলে জানানো হয়।

এদিকে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে রাষ্ট্রীয় নেতৃত্বে অন্তর্বর্তীকালীন তিন সদস্যের একটি কাউন্সিল গঠন করা হয়েছে। এতে দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আইনজ্ঞ রয়েছেন। এই তিন সদস্য যৌথভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবেন এবং সংবিধান অনুযায়ী শীঘ্রই পরবর্তী নেতা নির্বাচন করবেন। তবে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণের কারণে ইরানের নেতৃবৃন্দকে একত্রিত করা নিরাপত্তাজনিত কারণে কঠিন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।