শিরোনাম

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫ ৪:৫৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এতে শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী ও জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি শাহবাগে এসে অবস্থান নেয়। এ সময় শাহবাগ মোড়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা নারায়ে তাকবির, আল্লাহু আকবার; দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে; লীগ ধর, জেলে ভরসহ বিভিন্ন স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ অবরোধ চলবে। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপনের কথাও জানান তিনি।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ওই দিনই উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানকার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।