শিরোনাম

জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা চলবে কিনা আদেশ ১৩ এপ্রিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২ ৫:৫৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলা বাতিল চেয়ে আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৩ এপ্রিল রায় দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ জোবাইদা রহমানের আপিলের শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন।

২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় জ্ঞাত আয় বহিরর্ভূত সম্পদ অর্জনের অভিযোগে লন্ডনে অবস্থানরত তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা এবং শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০০৯ সালের ৩১ মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিন জনের বিরুদ্ধে চার্জশিট দেন।

জোবাইদার আবেদনের পরিপ্রেক্ষিতে, ২০০৯ সালের ৮ এপ্রিল হাইকোর্ট তার বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিত করে এবং কেন তার বিরুদ্ধে মামলা বাতিল করা হবে না তা জানতে চেয়ে দুদককে রুল জারি করে। রুলের ওপর শুনানি শেষে, হাইকোর্ট ২০১৭ সালের ১২ এপ্রিল আবেদন খারিজ করে, স্থগিতাদেশ প্রত্যাহার করে এবং জোবাইদা রহমানকে দুর্নীতির মামলায় আট সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেন।

বিচারিক আদালতে আত্মসমর্পণ না করে জোবাইদা রহমান হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল আবেদন করেন। শুনানিতে জোবাইদা রহমানের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

জোবায়দা রহমান তার স্বামী তারেক রহমানের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে রয়েছেন।