শিরোনাম
রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার নতুন করে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।
শনিবার (৩১ অক্টোবর) রাতে কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা আসে।
কমিটির সদস্য সচিব বিন্দু লাল চাকমার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকে সহিংসতা, সশস্ত্র তৎপরতা, ভাইবোনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় সশস্ত্র মহড়া এবং পর্যটকদের জিম্মি করে হামলার প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে অভিযোগ করা হয়, গত ১১ অক্টোবর থেকে সাজেকে অবরোধ চললেও সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধ হয়নি। বরং ৩১ অক্টোবর কলাবুনিয়া এলাকায় নতুন করে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে বলে জানায় সংগঠনটি।
অন্যদিকে, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে সাজেক গণঅধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এক ভিডিও বার্তায় অবরোধ শিথিলের ঘোষণা দেন। তিনি জানান, রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্য যানবাহন চলাচলে বাধা থাকবে না। কঠিন চীবর দান উপলক্ষ্যে বৌদ্ধ ভিক্ষুদের যাতায়াতের জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট বিহার বা ধর্মীয় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে অবরোধকারী সংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। আলোচনা সাপেক্ষে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হবে।
পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটির ডাকা অবরোধে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসের গাড়ি ও সংবাদকর্মীদের যানবাহন আওতামুক্ত থাকবে। তবে কর্মসূচি চলাকালে সড়কে যানবাহন না চালানোর জন্য যানবাহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, পর্যটক এবং সাধারণ মানুষের প্রতি অনুরোধ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম রক্ষা কমিটি।