শিরোনাম

নির্বাচনে প্রার্থী হতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ ৮:২০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বগুড়ার শাজাহানপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী আব্দুল মোতালেব ফেরদৌস বাস্তবে জীবিত হলেও ভোটার তালিকায় ‘মৃত’। অথচ আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠেয় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে নির্বাচনের জন্য তিনি সব প্রস্তুতিও চূড়ান্ত করেছেন।

আব্দুল মোতালেব ফেরদৌস উপজেলা আড়িয়া ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের মানিকদিপা বিন্নাচাপড় গ্রামের আব্দুল গফুর ছেলে। তিনি ওই ওযার্ডের সাবেক মেম্বার (ইউপি সদস্য) ছিলেন। এ ঘটনায় ইউনিয়নব্যাপী নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত নির্বাচনে একই গ্রামের আব্দুর রহমান সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন আব্দুল মোতালেব ফেরদৌস। সেই নির্বাচনে আব্দুল মোতালেব ফেরদৌস মাত্র ১৪৫ ভোটের ব্যবধানে পরাজিত হন। এবার পুনরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আগে থেকেই মাঠে আছেন সাবেক এই ইউপি সদস্য।

ভোটার তালিকায় মৃত সাবেক ইউপি সদস্য আব্দুল মোতালেব ফেরদৌসের ছেলে রাসেল আহমেদ বলেন, ‘আমার বাবার নির্বাচনের প্রস্তুতি হিসেবে কোভিড-১৯ টিকা অনলাইন রেজিস্ট্রেশন ও ভোটার তালিকায় নম্বরের খোঁজ করতে গিয়ে দেখা যায় তার নামই নেই। পরে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখি তাকে মৃত দেখানো হয়েছে।’

আব্দুল মোতালেব ফেরদৌস বলেন, ‘উপজেলা নির্বাচন অফিস জীবিত মানুষকে মৃত বানিয়েছে। আমি নাকি মৃত। এটাও সম্ভব! তারপরও আমি নির্বাচন অফিস সংশোধন জন্য অবেদন করেছি। গত বছর সামান্য ভোটের কারণে নির্বাচনে পরাজিত হয়েছি। এবারও নির্বাচনের জন্য আগে থেকেই মাঠ পর্যায়ে সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা দুলাল হোসেন বলেন, এমন হওয়ার কথা নয়। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হবে।