শিরোনাম

জামায়াত সেক্রেটারিসহ ৫ নেতা আবারও রিমান্ডে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ ৬:৪৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

সরকারকে অবৈধভাবে উৎখাত করার ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ পাঁচ নেতাকে আবারও রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

রবিবার ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমানের আদালত তাদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্য আসামিরা হলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন ও জামায়াতের সুরা সদস্য ইয়াসিন আরাফাত।

চার দিনের রিমান্ড শেষে আজ আসামিদের আদালতে হাজির করে আজ আবারও পাঁচ জনের দশ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক কাজী ওয়াজেদ আলী।

অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামায়াত নেতাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গত ৬ সেপ্টেম্বর বিকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এরপর রাতেই রাজধানীর ভাটারা থানায় গোলাম পরওয়ারসহ ৯ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। মামলায় তাদের বিরুদ্ধে সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়। পরদিন ৭ সেপ্টেম্বর আদালতে তোলা হলে প্রত্যেককে চার দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।