শিরোনাম
মোবাইলে এসএমএস পেয়ে সড়কের ড্রেনে আটকেপড়া একটি বিড়াল ছানা উদ্ধার করেছে পুলিশ। তাদের সহযোগিতা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। রোববার রাত ১২টার দিকে পাবনা শহরের শালগাড়িয়া এলাকা থেকে বিড়াল ছানাটি উদ্ধার করা হয়। পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান তার ফেসবুক আইডিতে একটি পোস্টে ঘটনাটি তুলে ধরেন।
সেখানে তিনি উল্লেখ করেন, ড্রেনে পড়া বিড়াল ছানাটিকে উদ্ধারে সহযোগিতার অনুরোধ জানিয়ে ভয়েজ ফর ভয়েজলেসের প্রতিষ্ঠাতা সাংস্কৃতিক কর্মী রেজওয়ান শাহরিয়ার রাতিন তাকে মোবাইল ফোনে এসএমএস করেন। এরপর তিনি দ্রুত সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বিড়াল ছানাটিকে উদ্ধার করতে। পরে সদর থানার পরিদর্শক (তদন্ত) রওশন ইয়াজদানীসহ পুলিশের একটি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় প্রাণীটিকে উদ্ধার করেন।
এ বিষয়ে রওশন ইয়াজদানী বলেন, পুলিশ তার নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি অনেক মানবিক কাজ করে থাকে। মানুষ বিপদে পড়লে যেমন তাদের সহযোগিতায় এগিয়ে যায়, তেমনি প্রাণীরা বিপদে পড়লেও এগিয়ে যেতে হয়।
সাংস্কৃতিক কর্মী রাতিন বলেন, ড্রেনের স্লাব ভাঙতে দিচ্ছিলেন না স্থানীয়রা। তাই পুলিশ সুপারের শরণাপন্ন হয়েছিলাম।