শিরোনাম

রাতে তরুণীকে নির্যাতন, ভিডিও দেখে দু’জনকে আটক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২৮, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

শরীয়তপুরে এক প্রতিবন্ধী তরুণীকে নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। সদর উপজেলার তুলাসার ইউনিয়নের চরস্বর্ণঘোষ গ্রামে এক সপ্তাহ আগে ওই নির্যাতনের ঘটনা ঘটে।

রোববার (২৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে চরস্বর্ণঘোষ গ্রাম থেকে ২ জন যুবককে আটক করা হয়। এর আগে শনিবার (২৬ জুন) নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে এ ঘটনা জানাজানি হয়। ভিডিও দেখে নির্যাতনকারী ২ জনকে শনাক্ত করেছেন পুলিশ। তবে ওই তরুণীকে শনাক্ত করা যায়নি।

আটককৃতরা হলেন, চরস্বর্ণঘোষ গ্রামের নুরুল ইসলাম শরীফের ছেলে জাকির হোসেন শরীফ জামির (৩৫) ও ছাত্তার ফকিরের ছেলে দবির ফকির (২১)।

১২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, গভীর রাতে একটি বসতঘরের সিঁড়ি বারান্দায় এক তরুণী বসে আছেন। তার পাশে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায় দু’জনকে। তারা কথা বলছিলেন। একপর্যায়ে তরুণীকে পেটাতে শুরু করেন একজন।

তুলাসার ইউপি চেয়ারম্যান জাহিদ ফকির বলেন, নির্যাতনের শিকার তরুণীকে মাসখানেক ধরে ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরতে দেখেছেন স্থানীয় লোকজন। কিন্তু কেউ তার ঠিকানা, পরিচয় বলতে পারেননি।

ঘটনাস্থলের কুদ্দুস আকনের স্ত্রী রহিমা বেগম বলেন, প্রায় সপ্তাহখানেক আগে রাতে হঠাৎ একটি মেয়ে ঘর খুলতে বলেন। তিনি ভয়ে দরজা না খুলে বিষয়টি মুঠোফোনে এক আত্মীয়কে জানান। পরে সেই আত্মীয়ের পরামর্শে তিনি দরজা আটকে ঘরেই বসে থাকেন। এর কিছুক্ষণ পর চিৎকার ও মারধরের শব্দ শুনতে পান। তবে ভয়ে তিনি দরজা খুলে বাইরে কী ঘটছে, তা দেখার সাহস পাননি।

এ বিষয়ে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ভিডিওটি পুলিশের হাতে এসেছে। ইতিমধ্যে শনাক্ত করে জামির ও দবিরকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে ওই তরুণীকে শনাক্ত করা যায়নি।