শিরোনাম

‘তোরে খাইয়া ফালবাম’ : হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে জিডি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২১ ২:৩২ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভূমি কর্মকর্তাকে ‘খেয়ে ফেলার’ হুমকি দেওয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আল নঈমের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ঈশ্বরগঞ্জ থানায় এ জিডি করেন উপজেলার মগটুলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (নাইব) আজিজুল হক। শামীম ওই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।

মগটুলা ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছারিবাড়ির জমিতে অবৈধভাবে দ্বিতল ভবন নির্মাণে বাধা দেওয়ায় ভূমি কর্মকর্তা আজিজুলকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শামীমের বিরুদ্ধে।

আজিজুল বলেন, ‘ক্ষমতা দেখিয়ে কাছারির জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করেছেন। লকডাউনে অফিসে না থাকার সুযোগে এই কাজ করা হয়েছে। এখন উচ্ছেদ করায় আমাকে বলছে ‘‘তোরে দেইক্কা ছাড়বাম, তোরে খায়া ফালবাম। কামডা তুই বালা করলি না।’’’

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা দাবি করেন, তিনি কোনো হুমকি দেননি। বরং আজিজুলের চাওয়া দেড় লাখ টাকা ঘুষ না দেওয়ায় তার বাড়ির অংশবিশেষ ভেঙে দেওয়া হয়েছে।