শিরোনাম

লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ, আইনজীবীকে জরিমানা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ৫, ২০২১ ২:২০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

লকডাউন দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রিট করে আদালতে উপস্থিত না হওয়ায় রিটকারী আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দকে ১০ হাজার টাকা জরিমানা (কস্ট) করা হয়েছে।

বুধবার (৫ মে) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালত বলেন, রিট করে তিনি পত্রপত্রিকায় নিউজ দেন। কিন্তু মামলা তালিকায় আসার পর তিনি আর কোর্টে থাকেন না।

এর আগে জরুরি অবস্থা জারি ছাড়া লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেছিলেন।

রিট আবেদনে বলা হয়েছিল, দেশে জরুরি অবস্থা জারি করা ছাড়া জনগণের চলাফেরার অধিকার, আইনের আশ্রয় লাভের অধিকার স্থগিত রাখা যায় না। এটা সংবিধানপরিপন্থী। এ কারণে রিটে চলমান লকডাউন স্থগিত চাওয়া হয়। একই সঙ্গে রিট আবেদনে পুনরায় লকডাউন না দেওয়ার নির্দেশনা চাওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিবসহ সংশ্লিষ্টদের এ রিটে বিবাদী করা হয়।

প্রসঙ্গত, এর আগে আদালত নিয়ে ফেসবুকে বিরূপ স্ট্যাটাস দেওয়ায় ড. ইউনুছ আলী আকন্দকে পেশা পরিচালনা থেকে তিন মাসের অব্যাহতি দিয়েছিলেন আপিল বিভাগ। একই সঙ্গে তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেছিলেন আদালত।