শিরোনাম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের দোলেশ্বর থেকে গতকাল মঙ্গলবার অপহরণের শিকার হওয়া মোহাম্মদ হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে র্যাব-১০। এসময় অপহরণকারী মো. রাজিব শেখ (২৭) কেও গ্রেফতার করা হয়। রাজিবের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ২টি লোহার রড, ১টি বড় চাকু, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি কালো কাপড়, ১টি পাটের রশি, ১টি মলমের কৌটা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ৩ মে আত্মীয়ের বাসা থেকে নিজ বাসায় ফিরছিলেন মোহাম্মদ হোসেন। তার সিএনজিটি হাসনাবাদ এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা অপহরণকারীরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখে। তার চোখে বিশেষ ধরনের মলম প্রায়োগ করে চোখ কালো কাপড় দিয়ে বেঁধে নির্যাতন করে ও পরিবারের লোকদের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ পেয়ে মোহাম্মদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে র্যাব-১০ এর একটি দল। অভিযুক্ত রাজিবের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে।