শিরোনাম
করোনা ভাইরাসে সর্বাত্মক লকডাউনে খোলা থাকবে খাবারের দোকান। বুধবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ থেকে শুরু হচ্ছে কঠের লকডাউন। চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এসময় জরুরি সেবা ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (১২ এপ্রিল) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এ প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ২১ এপ্রিল পর্যন্ত খাবারের দোকান, হোটেল, রেস্তোরায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টায় এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত খাবার বিক্রয় ও সরবরাহ করা যাবে। কিন্তু শপিংমলসহ অন্যান্য দোকানপাট বন্ধ থাকবে।
এছাড়া সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কর্মস্থলে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে রবিবার (১১ এপ্রিল) বিকেলে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এ সংক্রান্ত বৈঠকে ১৪ এপ্রিল থেকে সাধারণ ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে, চলমান লকডাউনের ধারাবাহিকতা বাড়ানো হয়েছে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। আর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে।
সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, গত বছর সাধারণ ছুটিতে যেভাবে চলেছিল সে রকম কিছুই হতে পারে। গত বছর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা হয়েছিল। প্রথমে ১০ দিনের ছুটি ঘোষণা করা হলেও পরে কয়েক দফায় বাড়িয়ে ৬৬ দিন সাধারণ ছুটি হয়। প্রথমে জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকলেও একপর্যায়ে রপ্তানিমুখী শিল্পকারখানাসহ কিছু কিছু বিষয় খুলে দেওয়া হয়েছিল।