শিরোনাম
আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দিয়েছে সরকার। এসময় বন্ধ থাকবে অফিস-আদালত, দোকানপাট-শপিংমল ও গণপরিবহন। তবে খাবারের দোকান ও হোটেল-রেস্তোরায় দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা এবং রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুধু খাবার বিক্রয় করা যাবে। সেই সঙ্গে খোলা থাকবে শিল্প কারখানা এবং কর্মীদের আনা-নেওয়া করতে হবে নিজস্ব পরিবহনে। সোমবার (১২ এপ্রিল) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সময় বোরো ধান কাটার শ্রমিক পরিবহন জেলা প্রশাসন সমন্বয় করবে। নির্দেশনা মানাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থাকবে।

সংক্রমণ নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মজাপরিচালক জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে আলাদা নির্দেশনাও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে রবিবার (১১ এপ্রিল) বিকেলে মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে এ সংক্রান্ত বৈঠকে ১৪ এপ্রিল থেকে সাধারণ ছুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে, চলমান লকডাউনের ধারাবাহিকতা বাড়ানো হয়েছে ১২ ও ১৩ এপ্রিল পর্যন্ত। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে। আর ১৪ এপ্রিল থেকে সর্বাত্মক লকডাউন শুরু হবে।
সরকারি বিভিন্ন সূত্র জানিয়েছে, গত বছর সাধারণ ছুটিতে যেভাবে চলেছিল সে রকম কিছুই হতে পারে। গত বছর ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা হয়েছিল। প্রথমে ১০ দিনের ছুটি ঘোষণা করা হলেও পরে কয়েক দফায় বাড়িয়ে ৬৬ দিন সাধারণ ছুটি হয়। প্রথমে জরুরি সেবা ছাড়া প্রায় সবকিছু বন্ধ থাকলেও একপর্যায়ে রপ্তানিমুখী শিল্পকারখানাসহ কিছু কিছু বিষয় খুলে দেওয়া হয়েছিল।