শিরোনাম
রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে প্রতারক চক্রের আজিম উদ্দিন (৫১) নামের একজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে বেকার যুবকদের চাকরি দেওয়ার নামের টাকা হাতিয়ে আসছে এই চক্তটি। আজ মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর থানার উত্তরা ১ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১-এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার। তিনি জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় চাকরি দেওয়ার নামে প্রতারকচক্রের প্রতারণা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতারক দলের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে অভিনব কায়দায় লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছে। এসব প্রতারক চক্রের সদস্যরা তাদের প্রতারণার ফাঁদ হিসেবে নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে আসছে। র্যাব-১-এর একটি দল দীর্ঘদিন ধরে ওই চক্রকে গ্রেপ্তারের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ র্যাব-১-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের সক্রিয় সদস্য মো. আজিম উদ্দিনকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, গ্রেপ্তারের সময় আসামির কাছ থেকে একটি ওয়াকিটকি সেট, একটি ভুয়া জ্যাকেট, এক জোড়া হ্যান্ডকাফ, তিনটি বাংলাদেশি পাসপোর্ট, প্রতারণার কাজে ব্যবহৃত কাগজপত্রসহ দুটি ফাইল, দুটি মোবাইল ফোন, একটি ব্যাগ, একটি চাবিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব জানায়, আজিম উদ্দিন নিজেকে র্যাব ও পুলিশের কর্মকর্তা পরিচয়ে গ্রামের বিদেশ যেতে ইচ্ছুকদের পাসপোর্ট আটক রেখে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানে লোক নিয়োগসহ প্রতারণা সিন্ডিকেটের সদস্য ছিলেন তিনি।