শিরোনাম

মিরপুরে ডিএনসিসির উচ্ছেদে বাধা, পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২১ ৩:৩৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিল একটি সুবিধাবাদী মহল। সেই অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) অভিযান চালাতে এলে দখলদাররা হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১০টায মিরপুর ১১-এর এভিনিউ-৪ (পল্লবীতে) অবৈধ স্থাপনা উচ্ছেদে নামে ডিএনসিসি। সেখানে নিউ সোসাইটি মার্কেট ও মোহাম্মদীয়া মার্কেটের অবৈধ দোকান ভাঙতে চায় ডিএনসিসি।

পরে ব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে ইটপাটকেল ছুড়ছিল। আর পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও পরে রাবার বুলেট ছোড়ে তাদের দূরে সরাতে চাচ্ছিল। এর আগে দফায় দফায় সংঘর্ষ হয়। বিপুলসংখ্যক পুলিশসহ ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে শুরু হয় উচ্ছেদ অভিযান। একপর্যায়ে অবৈধ দখলদাররা প্রতিরোধ গড়ে তোলে।

সেখানে ফুটপাতের ওপর থাকা একটি টিনশেড দোকান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলে দখলদাররা সংঘবদ্ধ হয়ে অভিযান টিমের ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা ঢিল ছুড়তে থাকলে পুলিশসহ উচ্ছেদ অভিযানে থাকা লোকবল পিছু হটে। পরে আবার উচ্ছেদ অভিযান শুরু করতে চাইলে সংঘর্ষ বেধে যায়। এভাবে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। পরে কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেওয়া কর্মকর্তারা জানান, মেয়র আতিকুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলছেন। আপাতত উচ্ছেদ অভিযান বন্ধ রয়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছেন।

জানতে চাইলে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনার কারণে নাগরিকদের চলাচলে বিঘ্ন ঘটছে। তাই যত বাধাই আসুক এসব অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হবে।

এদিকে অভিযান ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।