শিরোনাম

সিইসির বিরুদ্ধে দুদকে অভিযোগ দাখিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২১ ৪:৫১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

ভুয়া বিলের মাধ্যমে অর্থ লোপাটের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দাখিল করেছেন সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী। আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে দুদক চেয়ারম্যানের কাছে অ্যাডভোকেট শিশির মুহাম্মদ মনিরসহ সুপ্রিমকোর্টের ১০ আইনজীবী অভিযোগ দাখিল করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে শিশির মনির।

অভিযোগে বলা হয়েছে, প্রশিক্ষণের নামে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্বাচন কমিশনের নীতিমালা ব্যতীত ৭ কোটি ৪৭ লাখ ৫৭ হাজার টাকা খরচসহ সরকারি অর্থের ক্ষতি করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অভিযুক্ত করা হয় সব নির্বাচন কমিশনার, বর্তমান ও সদ্য সাবেক সচিবকেও। অভিযোগে বলা হয়, নির্বাচন কমিশনের নীতিমালা না মেনে ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে প্রশিক্ষণে কোর্স ভাতা দেওয়া হয়েছে ৩ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার টাকা। যেখানে উপদেষ্টা পদে ১৯ লাখ ৭৬ হাজার টাকা, বিশেষ বক্তা খাতে ১২ লাখ ৭৫ হাজার টাকা ও কোর্স পরিচালক খাতে ১৪ লাখ ৯৩ হাজার ৮০০ করা হয়। নির্ধারিত হারের চেয়ে বেশি ভাতা দেওয়া হয়েছে ১ কোটি ৩২ লাখ ১২ হাজার ২৮০ টাকা এবং নিয়মের বাইরে অর্থনৈতিক কোড পরিবর্তন করে ভাতা দেওয়া হয়েছে ২ কোটি ৭৯ লাখ ৭০ হাজার ৪৭৫ টাকা।

এছাড়া প্রশিক্ষণে অধিকসংখ্যক খাবার কিনে ৩৭ লাখ ৫৩ হাজার টাকা এবং ভুল বিল ভাউচারে ১০ লাখ তিন হাজার ২৫০ টাকা ব্যয় নিয়েও আপত্তি জানিয়েছিল অডিট অধিদপ্তর। গাড়ি মেরামতে ৬ লাখ ৬৬৬ টাকার ব্যয়ের অডিটও নিষ্পত্তি হয়নি বলে অভিযোগ দাখিল করেন এই দশ আইনজীবী।