শিরোনাম

টিউলিপ সিদ্দিককে তলব করলো দুদক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: মে ৮, ২০২৫ ১০:০৭ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর এবার তার ভাগ্নি ও যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য টিউলিপ রিজওয়ান সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে ফ্ল্যাট নেওয়ার অভিযোগের তদন্তে আসামি হিসেবে আগামী ১৪ মে সকাল ১০টায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে হাজির হওয়ার জন্য তাকে অনুরোধ করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, গত ৭ মে এই তলবি নোটিশ ধানমন্ডি আবাসিক এলাকা ও গুলশান-২ এর বাসার ঠিকানায় পাঠানো হয়েছে। একই মামলায় রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনকেও একই দিনে হাজির হওয়ার জন্য পৃথক নোটিশ দেওয়া হয়েছে।

দুদক সূত্রে আরও জানা যায়, গুলশানের একটি প্লট ‘অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা’ করিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ‘ঘুষ’ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত ১৫ এপ্রিল টিউলিপ সিদ্দিকসহ রাজউকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মনিরুল ইসলাম। মামলার অন্য দুই আসামি হলেন রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সর্দার মোশারফ হোসেন।

এর আগে, বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে বিপুল অর্থ লুটপাটের অভিযোগে শেখ হাসিনাকেও জিজ্ঞাসাবাদের জন্য ৮ মে দুদকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।