শিরোনাম
বঙ্গোপসাগরের ঢালচর ও হাতিয়ার মধ্যবর্তী এলাকায় বরগুনার চারটি মাছধরার ট্রলারে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ট্রলারগুলোতে থাকা সাত জেলেকে মারধর ও একজনকে গুলি করে আহত করেছে জলদস্যুরা। এছাড়া চারটি ট্রলার থেকে প্রায় ৬০ লাখ টাকার জাল, ২০ লাখ টাকার মাছ, নগদ ৫০ হাজার টাকা ও জেলেদের ব্যবহৃত ৩০টি মোবাইল ফোন নিয়ে যায় তারা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বঙ্গোপসাগরে জলদস্যুদের কবলে পড়া ওই চারটি ট্রলারসহ আহত জেলেদের উদ্ধার করে পাথরঘাটা দক্ষিণ জোনের অধীন কোস্ট গার্ড সদস্যরা। পাথরঘাটা কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা এইচ এম এম হারুন অর রশীদ রাতে বিষয়টি নিশ্চিত করেন।
জলদস্যুদের হামলায় আহত জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার বড় টেংরা এলাকার মো. মনির হোসেন মাঝি (৩৫), কালমেঘা এলাকার মো. বেল্লাল (৪০), মো. আবুল কালাম (৫০), ছোনবুনিয়া কালমেঘা এলাকার মো. বেল্লাল (৩১) বরগুনা সদর উপজেলার চরকগাছিয়া এলাকার মো. জাহিদ (২২), নলী এলাকার মো. ইব্রাহিম (৩০), আজোকাঠি এলাকার মো. ইলিয়াস (২০) এবং নলী সাজিপাড়া এলাকার বাসিন্দা মো. মোস্তফা (৬০)।