শিরোনাম

তিন কিলোমিটার রাস্তায় ৮ গাড়ির সংঘর্ষ, আহত ১৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫ ১২:০৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ঘন কুয়াশার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিন কিলোমিটার রাস্তার মধ্যে আটটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মহাসড়কের জিংলাতলী থেকে আমিরাবাদ পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কবলিত গাড়িগুলোর মধ্যে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। সংঘর্ষে আরেকটি যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি। ভোরে মহাসড়কে ঘন কুয়াশার কারণে অল্প দূরত্বের কিছুই দেখা যাচ্ছিল না। যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও অন্যান্য গাড়িগুলোর একটির সঙ্গে অপরটির ধাক্কা লাগে। তবে কেউ মারা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে রেকার নিয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছে পুলিশ। সড়ক দুর্ঘটনার কারণে মহাসড়কে ধীরগতিতে চলছে যানবাহন।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আফসার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় ১৫ জন আহত হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সড়ক থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো সরানোর কাজ চলছে। যানজট নেই তবে ধীরগতি আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।