শিরোনাম
কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের মা-বাবার কান্না থামেনি। তবে এই আন্দোলনের জেরে শেখ হাসিনার পদত্যাগে সন্তোষ প্রকাশ করেছেন তারা। আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, ‘সরকার প্রথমে দাবি মানলে আমার ছেলে মারা যেত না। শেষ পর্যন্ত দাবিও মানল, শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়ে গেল। এবার নিশ্চয় নতুন সরকার আসবে, তখন ছেলে হত্যার সঠিক বিচার পাব।’
মঙ্গলবার এসব কথা বলেন রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের এই বাসিন্দা। তার ছেলে আবু সাঈদ কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একটি ফটকের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়। সেখানে পুলিশের গুলিতে তিনি প্রাণ হারান। সোমবার পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর থেকে অনেকেই আবু সাঈদের কবর জিয়ারত করতে আসছেন। বাড়িতে ভিড় করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী।
আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, ‘যে আন্দোলনে মোর বাবাক (ছেলেকে) ওরা গুলি করি মারছে, সেই আন্দোলনে ছাত্ররা জিতি গেইছে। মাও (মা) হয়্যা ইয়ার চ্যায়া আর খুশির খবর কী আছে! মুই খুব খুশি হইছু।’
মকবুল হোসেন বলেন, ‘আবু সাঈদ তো আর ফিরে আইসপার নয়, তয় ছাত্রদের আন্দোলন সফল হওয়ায় আবু সাঈদকে খুব মনে পড়ছে। সউগ ছাওয়ার মাঝে হামার আবু সাঈদ বাঁচি থাকপে।’
আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের পতনে বাবা-মা খুব খুশি হয়েছেন।