শিরোনাম

হাইকোর্টের দুই লক্ষাধিক পুরাতন মামলার নথি বিনষ্ট করা হবে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ২০, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের দুই লক্ষাধিক পুরাতন মামলার নথি বিনষ্ট করার ঘোষণা দেয়া হয়েছে।

এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ওয়েবসাইটে প্রকাশিত এবং নোটিশ বোর্ডের তালিকায় উল্লেখিত মামলার নথির বিষয়ে কারো কোনো আপত্তি থাকলে সংশ্লিষ্ট শাখায় বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হতে ১৪ দিনের মধ্যে যোগাযোগের জন্য নোটিশে অনুরোধ করা হয়েছে।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানী-২) সাঈদ-উল ইসলাম সই করা বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ফৌজদারি রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন এবং উইডিংকৃত ফৌজদারি ১ লাখ ৫৪ হাজার ১০০টি মামলার পার্ট-২ নথি, কোর্ট কিপিং শাখার তত্ত্বাবধানে অ্যানেক্স ভবনের আন্ডারগ্রাউন্ডের স্টোররুমে সংরক্ষিত হাইকোর্ট বিভাগের পুরাতন কজলিস্ট, রিট রেকর্ড শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার ১৩ হাজার পার্ট-২ নথি, সিভিল রেকর্ড (মূলভবন) শাখায় সংরক্ষিত তিন বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত ও উইডিংকৃত রিট পিটিশন মামলার (১৯৯৭ সাল থেকে ২০০০ সালের আংশিক) ২০ হাজার ৫৭০টি পার্ট-২ নথি এবং এসসিএ শাখার সংরক্ষিত পাঁচ বছরের অধিক পুরাতন নিষ্পত্তিকৃত (২০১৭ সাল থেকে ২০২২ সালের আংশিক) মোট ২০ হাজার ফাইল বিনষ্ট করা হবে।

সূত্র : বাসস