ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে ৩ কোটি ডোজ টিকা কিনতে গেলো বছরের নভেম্বরে চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ি ৬ মাসের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা ভারত থেকে আসার কথা বাংলাদেশে।
তবে দুই চালানে টিকা এসেছে চুক্তির মাত্র ৭০ লাখ ডোজ। আর ৩২ লাখ ডোজ বাংলাদেশকে উপহার দিয়েছে ভারত।
এই ১ কোটি ২ লাখের মধ্যে প্রথম এবং দ্বিতীয় ডোজ মিলে মোট টিকা নিয়েছেন ৬৬ লাখ ১৭ হাজার ৩৬ জন। ফলে মজুত আছে মাত্র ৩৫ লাখ ৪২ হাজার ৩৬৪ ডোজ। যদিও বিশেষজ্ঞরা বলছেন সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি টিকা নেয়ার বিকল্প নেই।
চুক্তির বাকি টিকা ভারত থেকে কবে আসবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। কারণ দেশটি থেকে বিদেশে টিকা রপ্তানি বন্ধ রাখা হয়েছে। এছাড়া নিজ দেশে ঘাটতি মেটাতে রাশিয়া থেকে টিকা আমদানি করছে ভারত।
বাংলাদেশও এখন বিকল্প উৎস থেকে টিকা পাবার পথ খুঁজছে। টিকা কিনতে বিশ্বব্যাংক ও এশিয়ান উন্নয়ন ব্যাংকের সাথে দুটি চুক্তির কথাও জানিয়েছে অধিদপ্তর।
এছাড়া কোভ্যাক্স থেকেও যেকোনো সময় টিকা পাবার বিষয়ে আত্মবিশ্বাসী স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সবার টিকা প্রাপ্তি নিশ্চিত করা হবে। যে টিকা মজুত আছে তা থেকে দ্বিতীয় ডোজ নিশ্চিত করা হচ্ছে।

