শিরোনাম
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার প্রকোপ দিন দিন যেভাবে বাড়ছে তাতে হাসপাতাল বেড দ্রুত বৃদ্ধি করার বিকল্প নেই। এ কারণে সরকার কোভিড ডেডিকেটেড হাসপাতাল সংখ্যা বৃদ্ধি করাসহ সব হাসপাতালে শয্যাসংখ্যা বাড়িয়েছে। কিন্তু তারপরও কথা থেকে যায়। যেভাবে প্রতিদিন করোনা তাতে কোনো হাসপাতালেই রোগী রাখার জায়গা থাকবে না। তবে হাসপাতালের এক ইঞ্চি জায়গা খালি থাকলেই কোনো রোগীকে সেবাবঞ্চিত করা হবে না।
গতকাল বৃহস্পতিবার সকালে বারিধারার নিজ বাসভবন থেকে অনলাইন জুম অ্যাপের মাধ্যমে অংশ নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের নতুন ১০টি আইসিইউ বেড উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হোসেনসহ অন্য চিকিৎসক, কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮০০টির মতো করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে প্রতিটি বেডেই হাইফ্লো নেজাল ক্যানুলা সুবিধা আছে। ঢাকা মেডিক্যালে আগের আইসিইউ, এসডিও’র সঙ্গে আজ আরও ১০টি নতুন আইসিইউ বেড সংযুক্ত হলো। অন্য সরকারি হাসপাতালেও করোনা রোগীদের জন্য সুবিধা বাড়ানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় ঢাকা নর্থ সিটি করপোরেশনের একটি মার্কেটকে পুরোপুরি কোভিড ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। এই হাসপাতালে মোট সাড়ে ১২০০ করোনা ডেডিকেটেড শয্যা রয়েছে। এখানে ৫০টি আইসিইউ বেড ও ২০০টি এসডিও বেড রয়েছে। এর পাশাপাশি ১০০০টি আইসোলেশন বেড রয়েছে। অন্যান্য সরকারি হাসপাতালেও করোনা রোগাীর জন্য সুবিধা বাড়ানো হচ্ছে।