শিরোনাম

বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় জাবি অধ্যাপক

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২০ ৭:২৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

চলতি বছরের বিশ্বসেরা বিজ্ঞানীদের একজন বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ এ মামুন (আব্দুল্লাহ আল মামুন)। মার্কিন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক জরিপে তার নাম উঠে এসেছে। বিভিন্ন দেশের সেরা বিজ্ঞানীদের থেকে শতকরা দুজনকে এ তালিকায় স্থান দেয়া হয়েছে।

ju professor a a mamunজাবি অধ্যাপক ড. এ এ মামুন

বিষয়টি নিশ্চিত করেছেন অধ্যাপক ড. এ এ মামুন নিজেই। নতুন সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। ড. মামুন জাবি শিক্ষক সমিতির সভাপতি ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের পরিচালক।

বিজ্ঞানে অবদানের জন্য টানা তিনবার বর্ষসেরা গবেষক অধ্যাপক মামুন বাংলাদেশি কোনো বিজ্ঞানী হিসেবে সার্চ ইঞ্জিন গুগলে ১২ হাজার স্কলারস সাইটেশনের মাইলফলক স্পর্শের বিরল কৃতিত্ব অর্জন করেছেন। বাংলাদেশে ডাস্টি ফিজিক্সের কার্যক্রম শুরু হয়েছে তার হাত ধরে। পদার্থের চতুর্থ অবস্থা প্লাজমা ফিজিক্স নিয়ে কাজের জন্য জার্মান চ্যান্সেলর পুরস্কার পেয়েছেন তিনি।

একাধিকবার ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্স’ গোল্ড মেডেল লাভ করা ছাড়াও দেশ-বিদেশের অনেকগুলো পুরস্কার পেয়েছেন ড. মামুন। লন্ডনের ইনস্টিটিউট অব ফিজিক্স থেকে যৌথভাবে প্রকাশিত ‘ইনট্রোডাকশন টু ডাস্টি প্লাজমা’ তার উল্লেখযোগ্য প্রকাশনা।

jahangirnagar university 1জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাবির পদার্থবিজ্ঞানে বিএসসি ও এমএসসিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছিলেন অধ্যাপক মামুন। সব বিভাগের মধ্যে সবচেয়ে বেশি নম্বর পেয়েছিলেন এমএসসিতে, থিসিস ছিল ‘প্লাজমা ফিজিক্স’র ওপর। পরে ১৯৯৩ সালে নিজ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন। কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে ব্রিটেনে পিএইচডি করার পাশাপাশি বিশ্বখ্যাত বিভিন্ন জার্নালে বহু গবেষণা প্রবন্ধ লিখেছেন অধ্যাপক ড. এ এ মামুন।