শিরোনাম
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পিছিয়ে যাওয়া অমর একুশে গ্রন্থমেলা ১৮ মার্চ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী সোমবার বিকালে এ কথা জানান।
তিনি বলেন, আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনুমতি মিলেছে। আমরা ১৮ মার্চ থেকে অমর একুশে গ্রন্থমেলা করব। কত দিন চলবে এবারের মেলা, এমন প্রশ্নের জবাবে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, এখনো ঠিক হয়নি। আমাদের ইচ্ছা আছে ১৪ এপ্রিল পয়লা বৈশাখ পর্যন্ত গ্রন্থমেলার আয়োজন করা। তবে এর মধ্যে যদি কোনো আপত্তি উঠে, তবে রমজান মাস শুরুর আগের দিন মেলার সমাপনী আয়োজন করব।
তিনি জানান, প্রকাশকদের সঙ্গে আলোচনা করে কত দিন মেলা চলবে, সেটি ঠিক করা হবে।
ভাষার মাসের প্রথম দিন থেকেই বাংলা একাডেমি চত্বরে গ্রন্থমেলা শুরু হয়। রেওয়াজ অনুযায়ী প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। ১৯৮৩ সালে মনজুরে মওলা যখন বাংলা একাডেমির মহাপরিচালক ছিলেন, তখন তিনি বাংলা একাডেমিতে প্রথম অমর একুশে গ্রন্থমেলার উদ্যোগ নেন। কিন্তু শেষ পর্যন্ত করা সম্ভব হয়নি। ১৯৮৪ সালে সাড়ম্বরে বর্তমানের অমর একুশে গ্রন্থমেলার সূচনা হয়।
বাংলা একাডেমির তথ্যানুযায়ী, ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলায় ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। নতুন বই প্রকাশিত হয়েছিল ৪ হাজার ৯১৯টি। বাংলা একাডেমি প্রকাশ করেছিল ৪১টি নতুন বই।