শিরোনাম

বরিশালে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে নিহত ১

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২১ ৯:৫৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আফসার হোসেন সিকদার (৫১) নামে এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়। এ ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করে অভিযুক্তদের কঠোর বিচার দাবি করেন তারা। অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

আফসারের ছেলে রাসেল সিকদার জানান, তার বাবা আফসার মেহেন্দিগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জোমাদ্দারের পক্ষে কাজ করছিলেন। তার পক্ষ ত্যাগ করে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর পক্ষে কাজ করার জন্য গত শনিবার ওই প্রার্থীর কর্মীরা আফসারকে হুমকি দেয়। এর জের ধরে পরদিন রবিবার দুপুর দেড়টার দিকে মেহেন্দিগঞ্জ পৌর শহরের পাতারহাট আরসি কলেজের সামনে প্রতিপক্ষের লোকজন আফসারের উপর অতর্কিত হামলা চালায়। তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে সে অচেতন হয়ে পড়লে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাকে শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিপক্ষকে দায়ী করে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন আফসারের পরিবার।
রাজনৈতিক প্রতিহিংসার কারণে আফসারকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর মোহাম্মদ জমাদ্দার।

এ ঘটনা তদন্ত করে মামলা দায়ের সহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান। আগামী ৩০ জানুয়ারী মেহেন্দিগঞ্জ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।