শিরোনাম

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৬ ১০:২৯ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

রাজধানীর ফার্মগেটের খামারবাড়িতে প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় তাঁর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রবেশের অভিযোগে বরিশালের বাবুগঞ্জের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মুবিন মাঝীকে আটক করেছে পুলিশ।

তাঁর গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকায়।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফার্মগেটের খামারবাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, নিরাপত্তাবেষ্টনী অতিক্রম করে মুবিন মাঝি মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছাকাছি চলে যান। এ সময় তিনি গাড়ির পাশে এসে সালাম দেন। পরে ঘটনাস্থলেই তাকে আটক করে পুলিশ।

 

আটক মুবিন মাঝি দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া এলাকার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস মাঝির ছেলে। তাঁর পরিবারের একাধিক সদস্যও শিক্ষকতা ও স্থানীয় সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন।

তাঁর এক চাচা ইদ্রিস মাঝি অবসরপ্রাপ্ত শিক্ষক। অপর চাচা প্রয়াত ইউসুফ মাঝি সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র সংসদের এজিএস ছিলেন।

আরেক চাচা শাহিন মাঝি দেহেরগতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, মুবিন মাঝি একসময় এলাকায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

তবে দীর্ঘদিন তিনি প্রবাসে ছিলেন। পরে ঢাকায় ফিরে সাইকেল রাইড শেয়ারিংয়ের কাজ করতেন। বর্তমানে তিনি স্ত্রী ও এক সন্তান নিয়ে ঢাকায় বসবাস করেন।

এ ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তবে কী উদ্দেশ্যে তিনি প্রধানমন্ত্রীর গাড়িবহরের নিরাপত্তাবেষ্টনী ভেদ করে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।