শিরোনাম

হিজলায় মেঘনার চরের মাটি কাটায় ১৪ জনকে কারাদণ্ড

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২০ ৯:০৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে জেগে ওঠা চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার দায়ে ১৪ জনকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে আটক ওই ১৪ জনকে রাতে কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। শুক্রবার (৪ ডিসেম্বর) দুপুরে তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

জেলা প্রশাসনের সহকারী কমিশানর সুব্রত কুমার বিশ্বাস জানান, হিজলার ‘চর দুর্গাপুর লঞ্চঘাটের’ পূর্ব দিকে মেঘনা নদীতে জেগে ওঠা চরের মাটি কিছুদিন ধরে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কেটে নিচ্ছিলো একদল লোক। খবর পেয়ে নৌ পুলিশের সহায়তায় হিজলা উপজেলা নির্বাহী বকুল চন্দ্র কবিরাজের নেতৃত্বে মেঘনার ‘চর দুর্গাপুর লঞ্চঘাট’ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চরের মাটি অবৈধভাবে কেটে নেওয়ার অভিযোগে ১৪ জন শ্রমিক-কর্মচারীকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ মোতাবেক আটক ১৪ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দুপুরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়। জনস্বার্থ ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার।