শিরোনাম

সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকব গ্রেপ্তার

এস. মাহমুদ স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: অক্টোবর ১, ২০২৪ ১০:৫৯ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সাভার থানার একটি মামলায় সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান।

Nagad_Ad

 

তিনি জানান, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান-১ এর প্রভা টাওয়ার  থেকে আটক করেছে ডিবি।

২০১২ সালে বিএনপির মিছিলে নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ এমপি জ্যাকবের বিরুদ্ধে গত ১২ সেপ্টেম্বর ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন।

মামলায় বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামানকে।

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতাকর্মীরা সাভারের আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন।

এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা করে এবং গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন।