শিরোনাম

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধার পুত্রকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

বাবুগঞ্জে মুক্তিযোদ্ধার পুত্র বাবু শরীফ ও পুত্র বধু সম্পা আক্তারকে কুপিয়ে জখম করেছে যুবলীগ নেতা সহিদ মাষ্টার। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার কেদারপুর ইউনিয়নের ভুতেরদিয়া গ্রামে শরীফ বাড়িতে।

স্থানীয়রা আহত বাবু শরীফ ও তার স্ত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন৷ মুক্তিযোদ্ধার স্ত্রী ফিরোজা বেগম এ প্রতিনিধিকে জানান, তার স্বামী বীর মুক্তিযোদ্ধা আজিজ শরীফের মৃত্যুর পরে তার জামাতা যুবলীগের কেদারপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক থাকার সুবাদে দলীয় প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধার ভাতা ও জমিজমা জোরপূর্বক দখল নিয়ে যেত। এ নিয়ে শুক্রবার আমার ছেলে বাবু শরীফের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

ছেলের ডাক চিৎকারে আমি ও আমার পুত্র বধু সম্পা আক্তার এগিয়ে গেলে আমাদেরকে পিটিয়ে জখম করে। স্থানীয় সূত্রে জানা যায় যুবলীগ নেতা সহিদ মাষ্টার অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান নুরে আলম বেপারীর প্রধান খলিফা থাকায় মুক্তিযোদ্ধা আজিজ শরীফের পরিবার সহ এলাকার একাধিক অসহায় পরিবারের জমিজমা জোরপূর্বক দখল করে এই যুবলীগ নেতা। তার রয়েছে এলাকায় বিশাল এক কিশোর গাং বাহিনী। এলাকার চিহ্নিত ভূমিদস্যু খ্যাত এই যুবলীগ নেতার ভয়ে কেউ মুখ খুলছে না।

এ ব্যাপারে যুবলীগ নেতা সহিদ মাষ্টারের ফোনে যোগাযোগের চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে বাবুগঞ্জ থানার ওসি মাসুদুর রহমান বলেন, ঘটানাটি শুনেছি, অভিযোগ পাওয়া গেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।