শিরোনাম

শিক্ষাপ্রতিষ্ঠান খোলা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন দীপু মনি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ ৮:০০ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে আগামী ৩১ আগস্ট। এদিকে প্রাণঘাতী করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, আগামী শনিবার অথবা রোববার হতে পারে মন্ত্রীর এ সংবাদ সম্মেলন। কোন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হতে পারে, তা প্রায় চূড়ান্ত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতির অপেক্ষায় রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন ইঙ্গিত দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

আজ বুধবার নিজ দপ্তরে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘সচিবদের সঙ্গে বৈঠকে দ্রুত সময়ের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এরপর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার জোর প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘এখন করোনা সংক্রমণ নিচের দিকে। সব বিষয় আমরা পর্যবেক্ষণ করছি। করোনা মোকাবিলা সরকারের গঠিত পরামর্শক কমিটি ও দেশের প্রবীণ শিক্ষাবিদদের মতামত নেওয়া হচ্ছে। শিগগিরই শিক্ষামন্ত্রী এ বিষয়ে সংবাদ সম্মেলনে আসছেন।’ কবে নাগাদ এ সংবাদ সম্মেলন হতে পারে- জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হবে ৩১ আগস্ট। এর আগেই হবে।’