শিরোনাম

করোনায় মারা গেলেন একুশে পদকজয়ী এস এম মহসীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২১ ১১:৫৫ পূর্বাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

করোনা ভাইরাসে মারা গেলেন একুশে পদকজয়ী দেশের গুণী অভিনেতা এস এম মহসীন। রবিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। খবরটি নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু।

লাভলু বলেন, ‌এস এম মহসীন আজ সকাল ৯টার দিকে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন নিবিড় পর্যবেক্ষণে ছিলেন হাসপাতালে।

তিনি আরও জানান, এসএম মহসিনের পরিবারের আবেদন- বীর মুক্তিযোদ্ধা হিসেবে এই অভিনেতাকে গার্ড অব অনার দিয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা প্রয়োজন।

এসএম মহসিন বাংলাদেশের একজন প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্য বিভাগ অনুষদের সদস্য হিসেবে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে এবং জাতীয় থিয়েটারের প্রথম প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ ছাড়াও অসংখ্য টিভি, মঞ্চ ও রেডিও নাটকে অভিনয় করেছেন।

তিনি ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন। পেয়েছেন শিল্পকলাসহ অসংখ্য পদকও। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদক প্রদান করেন।