শিরোনাম

৩ লাখের বেশি ব্যক্তি-প্রতিষ্ঠান ঋণখেলাপি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২১ ১০:৪৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদকে জানিয়েছেন, দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতার সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯৮২ ব্যক্তি-প্রতিষ্ঠান; এই হিসাব গত বছরের অক্টোবর পর্যন্ত।

Nogod

সোমবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সংসদ সদস্য অসীম কুমার উকিলের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

আরও পড়ুন: যৌক্তিক ঋণখেলাপিদের জন্য বিশেষ সুবিধা

অর্থমন্ত্রী খেলাপি ঋণ সম্পর্কিত মামলা দ্রুত নিষ্পত্তি এবং ঋণ আদায়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা সংসদে তুলে ধরেন। জাতীয় পার্টির (জাপা) ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি ২০২০-২১ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। ডিসেম্বর ২০২০ পর্যন্ত আদায় হয়েছে ১ লাখ ৮ হাজার ৪৭১ কোটি ৭১ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় অর্জন ৩২.৮৭ শতাংশ।

সরকারি দলের সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি জানান, করোনা ভাইরাসের টিকা কেনার জন্য এপর্যন্ত ১ হাজার ৪৫৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ৩০০ শীর্ষ ঋণখেলাপি ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ

সরকারি দলের আরেক সদস্য এ কে এম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, দেশ থেকে অবমূল্যায়ন (আন্ডার ইনভয়েসিং) বা অতিমূল্যায়নের (ওভার ইনভয়েসিং) মাধ্যমে অর্থ পাচারের কিছু অভিযোগ পাওয়া গেছে। সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা তা খতিয়ে দেখছে। যেসব ক্ষেত্রে অভিযোগের সত্যতা পাওয়া গেছে, সেসব ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে। অর্থপাচার বন্ধে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, এসব পদক্ষেপের ফলে বৈদেশিক মুদ্রা বা অর্থপাচার অনেকাংশে কমবে।