শিরোনাম

রাজধানীতে জরুরি অবস্থা জারি করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১ ৮:২৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love
বাইডেনের শপথ অনুষ্ঠান

মাত্র এক সপ্তাহ পর যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন শপথ নেবেন। এ সময় নিরাপত্তা জোরদারে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারি করেছেন। একই সঙ্গে তিনি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সহায়তা করতে কেন্দ্রীয় সংস্থাগুলোকেও নির্দেশ দিয়েছেন।

হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, গতকাল সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় ১১ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জরুরি অবস্থা জারি করেছেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টায় সহায়তা করার কথা বলেছেন।

গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ‘ক্যাপিটল হিলে’ আইন-প্রণেতাদের অধিবেশনের সময় সহিংস হামলা চালায় ট্রাম্প সমর্থকরা। যা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হচ্ছে। এ কারণেই নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানের নিরাপত্তা নির্বিঘ্ন করতে ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ায় জরুরি অবস্থা জারির ঘোষণা দিলেন ট্রাম্প। তবে দেশটির ৪৪তম প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে জরুরি অবস্থা জারি করেননি।

সাধারণত প্রেসিডেন্টরা কোনো দুর্যোগ মোকাবেলায় সহায়তার জন্য জরুরি অবস্থা জারি করেন। কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন হওয়ায় মার্কিন কর্তৃপক্ষ বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২০ জানুয়ারি বাইডেন শপথ নেবেন। এদিন পর্যন্ত হোয়াইট হাউস ও কংগ্রেসের আশপাশের সব দোকানপাট,, প্রশাসনিক ভবনসহ পাবলিক ক্যাটারিং বন্ধ থাকবে। এ ছাড়া পেন্টাগনকে ওয়াশিংটন ডিসিকে রক্ষায় ১৫ হাজার ন্যাশনাল গার্ড সৈন্য মোতায়েন করা হবে।

সূত্র : ফক্স নিউজ।