শিরোনাম

এবার বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নেব: শবনম ফারিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২১ ৫:৪৫ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

 

ভালোবেসে হারুন অর রশীদ অপুর সঙ্গে ঘর বেঁধেছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া। গত বছর ভেঙে গেছে তাদের সংসার। এ নিয়ে সমালোচনার মুখেও পড়েছিলেন।অন্তর্জালে নেটিজেনরা তাকে নিয়ে ট্রল করেছেন। তবে সবকিছু পেছনে ফেলে কাজে মনোযোগী হয়েছেন এই অভিনেত্রী।

ভাঙা-গড়া মানুষের জীবনেরই অংশ। নতুন করে ঘর বাঁধার বিষয়ে কী ভাবছেন ফারিয়া? এ প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন—এত তাড়াতাড়ি ভাবছি না, আরো পরে এ বিষয়ে ভাববো। পারিবারের কারণে তাড়াহুড়ো করে বিয়ে করেছিলাম। একই ভুল আর করব না। বিয়ে তো বারবার করা যাবে না। তাই বুঝেশুনে বিয়ের সিদ্ধান্ত নেব।

এদিকে শোনা যাচ্ছে, আবারো বিয়ে করতে যাচ্ছেন ফারিয়ার প্রাক্তন স্বামী অপু। এ প্রসঙ্গে ফারিয়া বলেন— অপুর বিষয়ে কোনো কথা বলা ঠিক হবে না। আর তার সঙ্গে যেহেতু দেখা হয় না, তাই খোঁজখবরও জানি না। তা ছাড়া এখন তো অপু আমার জীবনে নেই, তাই খোঁজখবর রাখার দরকার মনে করি না। অপুর ব্যক্তিগত জীবন আছে। সে নতুন করে জীবন শুরু করতেই পারে। এটি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার।

২০১৫ সালে ফেসবুকের মাধ্যমে ফারিয়া-অপুর পরিচয়। এরপর দুজনের মধ্যে বন্ধুত্ব হয়। বন্ধুত্বের সীমানা পেরিয়ে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে আংটি বদল করেন তারা। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারিয়া-অপু। গত ২৭ নভেম্বর আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয় এই দম্পতির।