শিরোনাম
যুদ্ধের অজুহাত তৈরির চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ ।
আগামী ৩ জানুয়ারি ইরানের কুদস ফোর্সের প্রধান কাশেম সোলেইমানির মৃত্যুর একবছর পূর্তি হচ্ছে। গত বছর বাগদাদ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের গুরুত্বপূর্ণ ওই ব্যক্তিকে হত্যা করে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই দু’দেশের মধ্যে প্রবল টানাপোড়েন শুরু হয়। এর মাঝেই গত নভেম্বর মাস থেকে যুদ্ধবিমান বহনকারী মার্কিন রণতরী ইউএসএস নিমিটজ আরব দেশগুলির জলসীমায় ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি দুটি আমেরিকান বি-৫২ বোমারু বিমানও ওই এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার এই প্রসঙ্গে তুলে ইরানের বিদেশমন্ত্রী টুইট করেন, যুক্তরাষ্ট্রে নোভেল করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ না করে ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীরা কোটি কোটি টাকা বি-৫২ বিমানগুলি ওড়াতে ও আমাদের এলাকা রণতরী পাঠাতে খরচ করছে। ইরাকে থাকা আমাদের গোয়েন্দারা জানাচ্ছেন যে যুদ্ধের অজুহাত তৈরি করতে ছক সাজানো হচ্ছে।
গত ২০ ডিসেম্বর ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলা হয়। এরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরাকে আমেরিকানদের উপর যদি কোনও হামলা হয় তাহলে তিনি ইরানকেই দায়ী করবেন। এরপরই তাকে সতর্ক করে দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, দেশে নিজের ব্যর্থতা ঢাকার জন্য ডোনাল্ড ট্রাম্প যাতে এমন কোনও পদক্ষেপ না নেন যাতে তার দেশের নাগরিকদের ক্ষতি হয়।