শিরোনাম

আ’লীগ সরকারের কাছে মানুষের জান-মাল নিরাপদ নয়: সরোয়ার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২০ ৮:৩৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেছেন- ‘আজকের আওয়ামী লীগের কাছে দেশের স্বাধীনতা, গণতন্ত্র, সীমান্ত ও মানুষের জানমাল কোনো কিছুই নিরাপদ নয়। আমরা উন্নয়ন চাই, তবে দেশের গণতন্ত্র হত্যা করে নয়। আজ দেশে গণতন্ত্র নেই বলে কোনো জবাবদিহিতা নেই। নেই আইনের শাসন ও ন্যায় বিচার।’

 

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির আয়োজনে সোমবার নগরের সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরোয়ার বলেন, ‘সরকার ভারতকে বন্ধু রাষ্ট্র বানিয়ে দেশের মূল্যবান সম্পদ বিলিয়ে দেওয়ার পরও ভারত নির্বিচারে পাখির মতো সীমান্তে মানুষ হত্যা করে যাচ্ছে। প্রধানমন্ত্রী বিএসএফের গুলি থামাতে পারছে না। তারপরও এ অবৈধ সরকারের কণ্ঠে কোনো প্রতিবাদ নেই’।

তিনি বলেন- ‘সরকার দেশের সাধারণ মানুষকে বোকা বানিয়ে উন্নয়নের নামে কোটি কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করছে। তাই আগামী দিনে এ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। সবাইকে ঐক্যবদ্ধতা বজায় রেখে এক হয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি।’