শিরোনাম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ইনশাআল্লাহ আমি ২৫ তারিখ দেশে ফিরে যাচ্ছি। তাই আপনাদের কাছে বিদায় নিতে এসেছি। আপনারা স্লোগান না দিয়ে সবাই শান্ত হয়ে বসুন। আসুন আমরা কিছু মতবিনিময় করি।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) যুক্তরাজ্য সময় বিকেল ৫টায় লন্ডনের সিটি প্যাভিলিয়নে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, আজকে এই অনুষ্ঠানটি প্রথমত দুটি বিষয়, এক ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এবং একইসাথে আপনাদের সাথে বহুদিন ছিলাম ১৭ প্রায় ১৮ বছর আপনাদের সাথে ছিলাম, কিন্তু আগামী ২৫ তারিখে ইনাশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।
বিজয় দিবসের এই আলোচনা সভায় দেশবাসীদের সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা ৭১- এ ষড়যন্ত্র করেছিল, ৭৫ এর ১৭ নভেম্বরে যারা পরাজিত হয়েছিল, ৮১- এ যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬- তে যারা ষড়যন্ত্র করেছিল, এরপরেও যারা ষড়যন্ত্র করেছিল, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই, এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা। তাই সবাইকে সচেতন থাকতে হবে।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, সামনের দিন কিন্তু খুব সহজ হবে না। ঐক্যবদ্ধ থাকতে পারলে আমরা আমাদের পরিকল্পনাগুলো সফল করতে পারবো। ঐক্যবদ্ধ থাকলে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।
তিনি বলেন, দুমাস পর দেশে বহুল প্রত্যাশিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করা যেমন বিএনপির দায়িত্ব, তেমনি দেশের মানুষের সামনে একটি সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরাও তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব।