শিরোনাম
চেক ডিজঅনার মামলায় উজিরপুরের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে বরিশালের একটি আদালত। মোঃ টিপু নামের ঐ ব্যবসায়ীকে ৬ লাখ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। বরিশালের যুগ্ম জেলা জজ ওই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলেন।
দণ্ডপ্রাপ্ত আসামী হচ্ছেন উজিরপুর ডহরপাড়া নিবাসী মেসার্স জাহান ট্রেডার্সের মালিক মৃত নাজেম এর ছেলে মোঃ টিপু। মামলার নথি সূত্রে জানা গেছে, উজিরপুরের পূর্ব নারায়নরপুর গ্রামের মোঃ হুমায়ুন কবির মামলায় উল্লেখ করেন আসামী বাদীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৬ লাখ টাকার রড সিমেন্ট নেন। এতে ৬ লাখ টাকা পাওনা হয়। আসামীর নিকট টাকা চাইলে ২০১৭ সনের ২০ জুলাই উজিরপুর সোনালী ব্যাংক গুঠিয়া শাখায় উক্ত টাকার চেক দেওয়া হয়। ২০১৭ সনের ১৪ নভেম্বর ব্যাংকে জমা দিলে ডিজঅনার হয়। ২০১৭ সনের ১৬ নভেম্বর উকিল নোটিশ দিলে আসামী কোন জবাব দেননি।
এ ব্যাপারে মামলা করলে বিচারক ২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক থাকায় গ্রেফতারী পরোয়ানা জারী করেন আদালত।