শিরোনাম

বরিশালে বাঙ্কার-টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ প্রকল্প উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২০ ১১:২৬ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা কলোনিতে বাঙ্কার ও টর্চার সেল সংস্কার এবং সংরক্ষণ প্রকল্প উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল সোয়া ৪টায় দোয়া মোনাজাত, টর্চার সেলের সেতুতে স্থাপিত ফলক উন্মোচন ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ছাদেকুল আরেফিন। উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার শেখ কুতুব উদ্দিন আহমেদ, সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর সভাপতি প্রদীপ কুমার ঘোষ পুতুল, সবা সেক্টর কমান্ডার মাহফুজুল আলম বেগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বরিশাল মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সরাসরি অংশগ্রহণের অভিজ্ঞতার কথা শুনানো হয়।

দীর্ঘদিন ধরে বরিশালের এই টর্চার সেল ও বাঙ্কার অযত্ন-অবহেলায় ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল। কিন্তু বরিশাল সিটি কর্পোরেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধ যাদুঘর, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সহযোগিতায় তা সংস্কার করে সিটি কর্পোরেশন। প্রকল্পের আওতায় পাঁচটি বাঙ্কার, একটি সেতু, স্মৃতিস্তম্ভ, টর্চার সেলের ভবনগুলো সংস্কার করা হয়।

প্রসঙ্গত, বরিশালের বিভিন্ন অঞ্চলের বাঙালি, মুক্তিযোদ্ধাদের এই টর্চার সেলে এনে নির্যাতন করে হত্যা করে পাশের সাগরদি খালে ভাসিয়ে দেয়া হত। বাঙালী নারীদের এনে সম্ভ্রমহানী করে নির্মমভাবে খুন করে খালে ফেলা হতো। মুক্তিযোদ্ধারা জানিয়েছেন কমপক্ষে ২০ হাজার বাঙালি এই টর্চার সেলে হত্যা করা হয়েছিল।