শিরোনাম

রেকর্ড গড়েও জিততে পারল না বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

 

বোলারদের হতাশার দিনে ওপেনিংয়ে জুটির রেকর্ড গড়লেন দিলারা আকতার ও সোবহানা মোস্তারি। সম্ভাবনাও জেগেছিল দারুণ এক জয়ের। কিন্তু বাকি ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত পেরে ওঠেনি দল। অনেকগুলো রেকর্ড গড়ে ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ মুখ থুবড়ে পড়ল টি-টোয়েন্টিতে এসে।

সিলেট স্টেডিয়ামে বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টিতে ১২ রানে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১৭০ রানের লক্ষ্যে ৭ উইকেটে ১৫৭ রানে আটকে যায় স্বাগতিকদের ইনিংস।

এই হারে তিন ম্যাচের সিরিজে ১-০তে পিছিয়ে পড়ল নিগার সুলতানার দল।

লক্ষ্য তাড়ায় ১২ ওভারে ১০৩ রানের দুর্দান্ত জুটি উপহার দেন দিলারা ও সোবহারা; মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যা এখন বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। তারা ভেঙে দিয়েছেন আয়েশা রহমান ও রুমানা আহমেদের ৮১ রানের আগের রেকর্ড।

১১ বলের ব্যবধানে দুই ওপেনারের মাঝে বিদায় নেন নিগার সুলতানাও। মুহূর্তেই চাপে পড়ে যায় বাংলাদেশ।

প্রথমে ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪৬ রান করে ফেরেন সোবহানা। নিগার ফেরেন ৫ বলে ৪ রান করে। একই ওভারে এক বল পরে ফেরেন দিলারা। তিনি এক রানের জন্য ফিফটি পাননি। আউট হন ৪১ বলে দুটি করে ছক্কা-চারে ৪৯ রানে।

দ্রুত তিন উইকেট হারিয়ে বসা দলকে পথে ফেরানোর আভাস দেন শারমিন আক্তার ও তাজ নেহার। কিন্তু দুজনের কেউই দায়িত্ব শেষ করে আসতে পারেনি। ১৪ বলে ১৯ রানে আউট হন তাজ। এরপর শর্না আক্তার (২ বলে ১), রিতু মনি (৩ বলে ০) ও জান্নাতুল ফেরদৌস (৩ বলে ০) এসেছেন আর গেছেন। আর তাতেই বেড়ে যায় বলের সঙ্গে রানের ব্যবধান।

শেষ পর্যন্ত ব্যাটিং করেও পেরে ওঠেননি শারমিন। তিনি অপরাজিত থেকে যান ১৩ বলে ২৩ রানে। ৪ বলে ৪ রানে অপরাজিত থাকেন নাহিদা আক্তার।

আয়ারল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন ওরলা প্রেন্ডারগেস্ট ও আর্লিন কেলি।

এর আগে টসে জিতে ব্যাটে নেমে দারুণ ব্যাটিং উপহার দেয় আইরিশরা। গ্যাবি লুইস ও লেহ পলের ৬৪ বলে ১০৭ রানের জুটিই তাদের বড় সংগ্রহ এনে দেয়। তৃতীয় উইকেটে যা তাদের রেকর্ড জুটি।

৭৫ বলে ১০ চার ও ২ ছক্কায় অপরাজিত ৭৯ রানের ইনিংসে তাদের জয়ের নায়ক ওরলা। ওপেনার ও দলপতি গ্যাবির ব্যাট থেকে আসে ৪২ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস।

এদিন সবচেয়ে খরুচে চিলেন জান্নাতুল। ৪ ওভারে তিনি দেন ৪০ রান, নেন ১ উইকেট।ওভারপ্রতি আউটর উপরে রান দিয়েছেন জাহানারা আলম, ফারিহা তৃষ্ণা ও রিতু মনি। সেই তুলনায় ভালো বোলিং করেছেন নাহিদা। ৪ ওভারে ২০ রানে তিনি নেন ১ উইকেট।

একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী শনিবার।