শিরোনাম
মাসব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে সিরাতুন্নবী (সা.) উদযাপন করবে বরিশালের সূচনা সাংস্কৃতিক সংসদ। শনিবার (১৪ সেপ্টেম্বর) এই প্রতিযোগীতার ইউনিয়ন পর্যায়ের বাছাই শুরু হয়েছে বাবুগঞ্জে। উপজেলার চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে দেহেরগতি ইউনিয়নের প্রতিযোগীরা বাছাইপর্বে অংশ নিয়েছে।
প্রত্যয় সাংস্কৃতিক সংসদের সভাপতি ইদ্রিস হাসানের ব্যবস্থাপনায় এবং মাকসুদুল হক শাহিদের উপস্থাপনায় জেলাব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন সূচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বিশুদ্ধ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে ওঠার পথ সুগম করার লক্ষ্য নিয়েই আমাদের এই আয়োজন।

আয়োজকরা জানিয়েছেন, বরিশাল জেলার ১০ টি উপজেলায় ১২ টি সাংস্কৃতিক সংগঠনের ব্যাবস্থাপনায় ৩ টি ধাপে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ৪ টি বিষয় (ক্বেরাত,হামদ/নাত, কবিতা আবৃত্তি, ও একক অভিনয়) নিয়ে ৪ টি গ্রুপে ১০ টি উপজেলা থেকে জেলা পর্যায় মোট ৪৮০ জন প্রতিযোগি অংশগ্রহণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা এরশাদ হোসাইন, হাফেজ সাখাওত, হাফেজ মমিনুল ইসলাম, মোঃ হাবিবুল্লাহ, নজরুল ইসলাম ফাহিম প্রমুখ।
শনিবারের বাছাইপর্বে ১১০ জন শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীতায় অংশ নিয়েছে।
রেনেসাঁ ফাউন্ডেশন দেহেরগতি ইউনিয়নের বাছাইপর্বে প্রচারণা ও সার্বিক সহযোগী হিসেবে কাজ করে।