শিরোনাম

আমার ওপর ভরসা করলে দেশের কোথাও হামলা হবে না: ড. ইউনূস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৪ ৪:৪৮ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

আমার ওপর আস্থা রাখুন, দেশের কোথাও কারও ওপর হামলা হবে না বলে জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে ফিরে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

 

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এই বিজয়ের মাধ্যমে বাংলাদেশ নতুনভাবে যাত্রা শুরু করল। আমাদের এগিয়ে যেতে হবে। যারা এটি করেছে, তাদের প্রতি কৃতজ্ঞতা, তারা দেশকে রক্ষা করেছে। দেশকে পুনর্জন্ম দিয়েছে।’

 

কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আজকে আবু সাঈদের (রংপুরে গুলিতে নিহত বেগম রোকোয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী) কথা মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এ ঘটনার মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।’

 

তরুণ সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ড. ইউনূস বলেন, ‘তরুণ সমাজ যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে।’

 

দেশের কোথাও হামলা না করার আহ্বান জানিয়ে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ বলেন, যদি আমার ওপর আস্থা রাখেন, বিশ্বাস করেন, তাহলে সংঘাত বন্ধ করুন। তা না করলে এখানে আমার প্রয়োজন নেই।

 

এ সময় ড. ইউনূসের পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ছিলেন। বিমানবন্দরে তারা ড. ইউনূসকে ফুল দিয়ে স্বাগত জানান।

 

এর আগে, ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে ঢাকায় পৌঁছেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

 

এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

এর আগে, বুধবার (৭ আগস্ট) তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসের চার্লস দ্য গল বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় তাকে ফ্রান্সের বিশেষ বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা দেন।

 

ইউনূস সেন্টার থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশে ফিরবেন।

 

অলিম্পিক কমিটির আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে গিয়েছিলেন ড. ইউনূস। সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন, একটি ছোট অস্ত্রোপচারও হয়েছে।

 

মঙ্গলবার (৬ আগস্ট) ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান আজ (৮ আগস্ট) রাত ৮টায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

প্রসঙ্গত, ছাত্র-জনতার চূড়ান্ত আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেশত্যাগ করেন শেখ হাসিনা। গত ৫ আগস্ট দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে ভারতের উদ্দেশ্যে যাত্রা করে। এ সময় তার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। ভারতে যাওয়ার আগে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন শেখ হাসিনা।

 

এ ঘটনার পর শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির প্রেসসচিব জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।