শিরোনাম

আরটিভিতে মোশাররফ করিমের ‘রঙ্গিলা মজিদ’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: জুন ১৯, ২০২৪ ১০:৪১ অপরাহ্ণ
Print Friendly and PDF
Spread the love

গ্রামের জনপ্রিয় মানুষ রঙ্গিলা মজিদ। সে সব সময় একটা সাইকেল নিয়ে চলাফেরা করে। তার সাইকেলে স্মার্ট ফোন, সাউন্ড বক্স ও কৃত্রিম ফুল লাগানো। মাথায় হ্যাট পরে সাইকেল নিয়ে ঘুরে বেড়ায় গ্রামের বিভিন্ন জায়গায়। পাশাপাশি কবিতা লেখে ও গান গায়। এ কারণে সবাই তাকে খুব আমুদে মানুষ হিসেবে পছন্দ করে। গঞ্জে তার একটা দোকানও আছে। কিন্তু সেখানে সে খুব কম বসে, অন্য লোক দিয়ে চালিয়ে নেয়। শুধু দুপুরে আর রাতে দোকানে যায় সারাদিনের উপার্জনের টাকা নিতে। এ রকম একদিন দুপুরে মজিদ দোকান থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলো, তখন দেখে এক বখাটে ছেলে একজন বৃদ্ধের গায়ে হাত তুলছে। মজিদ সাইকেল থামিয়ে ধাওয়া করলে সেই বখাটে বৃদ্ধ লোকটির ব্যাগ জোর করে ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। এ সময় বৃদ্ধ লোকটি অসহায়ের মতো কাঁদতে থাকে।

 

 

এমন গল্পেই নির্মিত হয়েছে একক নাটক ‘রঙ্গিলা মজিদ’। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের রচনায় এটি পরিচালনা করেছেন শামীম জামান। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নীলাঞ্জনা নীলা।

 

নাটকটি নিয়ে মোশাররফ করিম বলেন, আমাদের চারপাশে নানান চরিত্রের মানুষ থাকে। তাদের মধ্য থেকে কেউ কেউ হয় একটু আলাদা প্রকৃতির। রঙ্গিলা মজিদ তেমনই একজন। আশাকরি, নাটকটি আপনাদের সবার ভালো লাগবে। ঈদ আনন্দ আরও বাড়িয়ে দেবে।

 

 

ঈদের তৃতীয় দিন (১৯ জুন) রাত ১১টায় এটি আরটিভিতে প্রচারিত হবে। একইসঙ্গে নাটকটি ইউটিউবে দেখতে চোখ রাখুন Rtv Drama ইউটিউব চ্যানেলে।